আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশের (এনওয়াইপিডি) একটি বিশেষ ও দীর্ঘদিন ধরে বিতর্কিত ইউনিট ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ (এসআরজি) বিলুপ্ত করার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন নগরীর মেয়র জোহরান মামদানি। কাউন্টার টেররিজম এবং নগরীতে আন্দোলন-বিক্ষোভ দমনে নিয়োজিত এই বিশেষ ইউনিটটির পরিবর্তে বিক্ষোভ মোকাবিলায় একটি অস্ত্রহীন বেসামরিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এক ভিডিও বার্তার মাধ্যমে এই যুগান্তকারী ঘোষণা দিয়ে মেয়র মামদানি জানান, বিক্ষোভ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই পদক্ষেপ পুলিশি দৃষ্টিভঙ্গির একটি বৃহত্তর পরিবর্তনের অংশ। সিটি হলের ‘অফিস অব কমিউনিটি সেফটি’-এর অধীনে নতুন একটি “কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এসকালিয়েশন ডিভিশন” গঠন করা হচ্ছে। এই নতুন বাহিনীতে কোনো সশস্ত্র বা ইউনিফর্মধারী পুলিশ সদস্য থাকবেন না; বরং প্রশিক্ষিত বেসামরিক কর্মীরা সংলাপ ও আলোচনার মাধ্যমে বিক্ষোভ পরিস্থিতি সামাল দেবেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে বা প্রয়োজনে নিয়মিত প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তাদের ডেকে গ্রেপ্তারের ব্যবস্থা বহাল রাখা হবে।
নির্বাচনী প্রচারণার সময়ই বিতর্কিত এসআরজি (SRG) ইউনিটটি বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জোহরান মামদানি। নাগরিক অধিকার সংগঠন ও বামপন্থী মহলের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রশাসনের প্রথম বড় ধরনের পুলিশি সংস্কার। তবে এই ইউনিট বিলুপ্ত করা হলেও পুলিশ বিভাগের মোট জনবল বা কর্মীর সংখ্যা অপরিবর্তিত থাকছে বলে জানানো হয়েছে।
এদিকে, মেয়রের এই সিদ্ধান্ত এমন এক সংবেদনশীল সময়ে এলো যখন নিউ ইয়র্কে ইসরায়েল-সংক্রান্ত বিভিন্ন বিক্ষোভ এবং ইহুদি অধ্যুষিত এলাকাগুলোতে কড়া পুলিশি নিরাপত্তা নিয়ে নানা মহলে আলোচনা ও বিতর্ক চলছে। বামপন্থী রাজনৈতিক চাপ এবং বিভিন্ন সম্প্রদায়ের নিরাপত্তা উদ্বেগের ভারসাম্য রক্ষা করেই এই নতুন পদ্ধতির প্রবর্তন করলেন মেয়র।
জোহরান মামদানি আশা প্রকাশ করেছেন, এই সংস্কারের ফলে নগরীর জননিরাপত্তা এবং নাগরিকদের মতপ্রকাশের মৌলিক স্বাধীনতার সুরক্ষা আরও সুদৃঢ় হবে যেখানে সব সম্প্রদায়ের মানুষ সমানভাবে আস্থার পরিবেশ ফিরে পাবে।
