নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখাসহ গুরুত্বপূর্ণ চারটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেছে। শনিবার (১৬ মে) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। সবগুলো কমিটিই আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।
ঘোষিত ৮৮ সদস্যের সিরাজগঞ্জ জেলা কমিটিতে রবিউল ইসলাম রুবেলকে সভাপতি এবং আল-আমিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই বিশাল কমিটিতে ৫৯ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ জন সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন।
অন্যান্য ইউনিটের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ৬ সদস্যের কমিটিতে রেজাউল করিম রাব্বি সভাপতি এবং রাসেল সেখ আলী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। ২৫ সদস্যের সিরাজগঞ্জ পৌর কমিটিতে শিপন আহসান কাব্যকে সভাপতি ও আলামিন সরকার হিমেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ২২ সদস্যের কমিটিতে জীবন সেখ সভাপতি এবং জিম আহম্মেদ আকাশ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
