নিজস্ব প্রতিনিধি :
দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষা, সীমাহীন প্রার্থনা আর আধুনিক চিকিৎসার কঠিন লড়াই শেষে কোল আলো করে এসেছিল ফুটফুটে শিশু ফাইয়াজ হাসান তাজিম। মা ফারজানা ইসলাম এতটাই আপ্লুত ছিলেন যে নিজের ফেসবুক প্রোফাইলের নাম বদলে রেখেছিলেন ‘তাজিম এর আম্মু’। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো মাত্র ৮ মাস ১৮ দিন। গত ২২ এপ্রিল ঘাতক হাম কেড়ে নিয়েছে তাজিমের প্রাণ।
ফারজানা ইসলাম ও হেলাল ভূঁইয়া দম্পতির বিয়ের দীর্ঘ সময় পর আইভিএফ বা টেস্টটিউব পদ্ধতিতে জন্ম হয়েছিল তাজিমের। অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ এই প্রক্রিয়ার পর পাওয়া এই সন্তানকে ঘিরে মা-বাবার স্বপ্নের কোনো কমতি ছিল না। কিন্তু গত মার্চ মাস থেকে শুরু হওয়া শারীরিক জটিলতায় সব স্বপ্ন ফিকে হতে শুরু করে। প্রথমে নিউমোনিয়া ও পাতলা পায়খানা, এরপর তাজিম আক্রান্ত হয় হামে।
গত ৫ এপ্রিল থেকে শুরু হয় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘোরার করুণ আকুতি। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে বেড খালি না পেয়ে মিরপুরের আলোক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও বেড সংকটে চিকিৎসা মেলেনি। পরে ধানমন্ডির একটি ক্লিনিকে ভর্তি করা হলেও সেখানে সঠিক পরিচর্যার অভাব ও অব্যবস্থাপনার অভিযোগ করেন মা।
নিরুপায় হয়ে ১৮ এপ্রিল তাজিমকে পুনরায় একটি হাসপাতালের পিআইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২২ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। ফারজানা ইসলাম জানান, কেবল ১৭ দিনের হামের চিকিৎসাতেই বিভিন্ন হাসপাতালে তাঁদের খরচ হয়েছে চার লাখ টাকার বেশি। ১১ বছরের প্রতীক্ষার ধনকে হারিয়ে আজ দিশেহারা এই দম্পতি। যে ফেসবুক অ্যাকাউন্টের নাম ছিল ‘তাজিম এর আম্মু’, সেই প্রোফাইলটি এখন এক শোকাতুর মায়ের আর্তনাদের সাক্ষী হয়ে আছে।
