স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান দলের ম্যাচ ঘিরে গ্যালারিতে দেখা গেছে পাকিস্তানি সমর্থক ও সাধারণ দর্শকদের সরব উপস্থিতি । সাদা পোশাক ও টুপি পরিহিত বহু দর্শককে একসঙ্গে বসে খেলা উপভোগ করতে দেখা যায় । তাঁদের মধ্যে কেউ কেউ হাতে পাকিস্তানের পতাকা নিয়ে মাঠে উপস্থিত হয়ে দলকে সমর্থন জানান ।
ম্যাচ চলাকালে গ্যালারির বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা এই সমর্থকরা অত্যন্ত শান্তিপূর্ণভাবেই খেলা উপভোগ করেন । বিশেষ করে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও তাঁর সতীর্থদের প্রতিটি নান্দনিক শট এবং ফিল্ডিংয়ের সময় গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ।
গ্যালারির বিভিন্ন কোণে পাকিস্তানি সমর্থকদের জটলা ও তাঁদের উদযাপনের দৃশ্যগুলো সরাসরি টেলিভিশন সম্প্রচারেও স্পষ্টভাবে ধরা পড়ে । ম্যাচ শেষে স্টেডিয়াম এলাকায় পাকিস্তানি ক্রিকেটারদের এক নজর দেখতে এবং তাঁদের সমর্থনে স্লোগান দিতেও দেখা যায় অনেককে ।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে । ক্রীড়াপ্রেমীদের একাংশ এটিকে ক্রিকেটের বৈশ্বিক সৌন্দর্য ও ভ্রাতৃত্ব হিসেবে দেখলেও, অন্য একটি অংশ দেশের মাঠের এই চিত্রকে ক্রিকেটীয় আবেগের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ।
