নিজস্ব প্রতিনিধি :
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কনিষ্ঠ পুত্র নিনিত হুমায়ূনকে মব বা উচ্ছৃঙ্খল জনতার আক্রমণের শিকার হয়ে স্কুল ছাড়তে হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে এই চাঞ্চল্যকর তথ্য জানান অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন। তিনি জানান, গত বছরের ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে নিজের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরেই তিনি নিনিতকে স্কুলে পাঠানো বন্ধ করে দেন।
শাওন তাঁর পোস্টে উল্লেখ করেন যে, বনানীর একটি স্বনামধন্য স্কুলে পড়ত নিনিত। কিন্তু ফেসবুকে নিজের মত প্রকাশের জেরে গত ৫ আগস্টের পর তাঁর গাড়িতে তিনবার মববাজেরা আক্রমণ করে। প্রতিবারই স্কুল থেকে ফেরার পথে নিনিত গাড়ির ভেতরে ছিল। তৃতীয়বার আক্রমণের সময় চালককে মারধর করে গাড়ির কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু থানায় জিডি করতে গেলে পুলিশ প্রকৃত কারণ না লিখে ‘অসাবধানতাবশত হারিয়ে গেছে’ বলে উল্লেখ করে এবং জানায় যে, মববাজদের বিরুদ্ধে রিপোর্ট নেওয়ায় নিষেধ আছে।
নিরাপত্তাহীনতার কারণে নিনিতকে স্কুল থেকে ছাড়িয়ে বাসায় প্রাইভেট কোচিংয়ের মাধ্যমে পড়াশোনা করান শাওন। নিনিতের বয়স বর্তমানে ১৫ বছর এবং অষ্টম শ্রেণি শেষ করে নবম শ্রেণিতে ওঠার কথা থাকলেও, বিশেষ পরিস্থিতিতে সে আগামীকাল ৮ মে থেকে ও-লেভেল পরীক্ষায় অংশ নেবে। শাওন তাঁর ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন যাতে সে একজন ভালো মানুষ হতে পারে।
পোস্টে শাওন আরও জানান যে, ৫ আগস্টের পর তাঁর ঢাকার বাসায় বারবার আক্রমণ হয়েছে এবং জামালপুরে তাঁদের পৈত্রিক বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই বাড়িতে দেশি-বিদেশি দুর্লভ বইয়ের সংগ্রহ এবং পারিবারিক সব পুরস্কার ছিল, যার এখন শুধু কঙ্কাল দাঁড়িয়ে আছে। মামলার যন্ত্রণার কথা উল্লেখ করে তিনি আক্ষেপের সাথে জানান, বিদেশে বসে অ্যাক্টিভিজম করা ব্যক্তিরা এই বাস্তব পরিস্থিতি কখনোই বুঝবেন না।
