হামে শিশুমৃত্যুর ঘটনার জন্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্ট সবার বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে জানানো হয় যে, হামের টিকা ক্যাম্পেইনে চরম অবহেলা ও ব্যর্থতার কারণে দেশে এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে সংগঠনের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু বলেন, এ পর্যন্ত প্রায় তিন শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যা অত্যন্ত মর্মান্তিক। এই বিপর্যয়ের জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলে তারা সাফ জানিয়ে দেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, ড. ইউনূসের সরকার শিশুদের জীবন সুরক্ষাকে উপেক্ষা করে হঠাৎ করে টিকা ক্রয়সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনে। এর ফলেই দেশে হামের টিকার কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং রোগটি দ্রুত মহামারি আকারে ছড়িয়ে পড়ে বলে তারা দাবি করেন।
বিবৃতিতে আরও বলা হয় যে, টিকা ক্রয় নীতিতে পরিবর্তন আনার সময় আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ একাধিক সতর্কতা দিলেও বিগত সরকার তাতে উদাসীনতা প্রদর্শন করেছে। জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের চরম অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
চলতি বছরের মার্চের শেষে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরও সংক্রমণ প্রতিরোধে জোরালো পদক্ষেপ গ্রহণে সরকার ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এই অবস্থায় বর্তমান সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোরালো আহ্বান জানিয়েছে সংগঠনটি।
যুব ইউনিয়নের পক্ষ থেকে অবিলম্বে সারা দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করার দাবি জানানো হয়েছে। এছাড়া শিশুদের জীবন রক্ষায় ফিল্ড হাসপাতাল স্থাপন করে চিকিৎসা কার্যক্রম সম্প্রসারণ এবং সবার জন্য টিকা নিশ্চিত করার ওপর তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ।
