রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সকল প্রকার ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ১১টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে সংগঠন ছাত্রলীগ. গত সোমবার (৪ মে) রাতে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয় l
ঘোষিত উল্লেখযোগ্য কমিটিগুলো হলো:
বঙ্গবন্ধু (বিজয় ২৪) হল: সভাপতি তানভীর আহমেদ ও সাধারণ সম্পাদক তামিম হাসান.
শেরে বাংলা হল: সভাপতি শুভ্র দেব শাহা ও সাধারণ সম্পাদক মোবাশ্বের রায়হান রাফি.
শহীদ জিয়াউর রহমান হল: সভাপতি মাজেদুল ইসলাম মৃদুল ও সাধারণ সম্পাদক তানজিল হাসান সুমন.
মাদার বখস হল: সভাপতি শামীম শিকদার ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি.
এই কমিটি ঘোষণার পরপরই ক্যাম্পাসে ক্রিয়াশীল অন্যান্য ছাত্রসংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে. বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এই পদক্ষেপকে ‘হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত’ বলে আখ্যা দিয়েছেন. অন্যদিকে, ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি মুজাহিদ ফয়সাল একে ক্যাম্পাস অস্থিতিশীল করার ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন এবং অভিযুক্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন. বামপন্থী ছাত্রসংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক ছাত্রজোট’ থেকেও এর তীব্র নিন্দা জানানো হয়েছেl
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ‘নিষিদ্ধ’ কোনো সংগঠন ক্যাম্পাসে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না l
তিনি আরও উল্লেখ করেন যে, প্রকাশ্যে কোনো সুযোগ না থাকলেও অনলাইনকেন্দ্রিক এসব তৎপরতার বিষয়ে গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হবে l
উল্লেখ্য যে, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেl
