নিজস্ব প্রতিনিধি :
সাবেক অন্তর্বর্তী সরকারের আর্থিক ব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। গত ২৯ এপ্রিল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করেন। রিটটি বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থাপন করা হলে আদালত জানান, আগামী রবিবার এটি কার্যতালিকায় (কজ লিস্ট) অন্তর্ভুক্ত করা হবে।
রিট আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে যে, তিনি নিজের এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে থাকা ৩৮টি আয়কর সংক্রান্ত রিট ও রেফারেন্স মামলাসহ একাধিক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছিলেন। এছাড়াও একটি প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের কর মওকুফ, জনশক্তি রপ্তানি, ডিজিটাল ওয়ালেট পরিচালনা এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সুবিধা নেওয়ার বিষয়টি রিটে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীর দাবি, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযোগগুলোর একটি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এই উদ্দেশ্যে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। উক্ত রিট আবেদনে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট দুই আইন সচিবকে।
