নিজস্ব প্রতিনিধি :
নানা দাবি আদায়ে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ব্যাংকটির অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা. মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মিরপুর-২ নম্বরে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে ‘গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়. দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক শ সাবেক কর্মকর্তা-কর্মচারী এই প্রতিবাদ সভায় অংশ নেন.
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চিকিৎসা ও উৎসব ভাতা প্রদান করা. এছাড়াও তারা অবসরের ১৫ বছর অতিবাহিত হওয়ার পর পেনশন পুনঃস্থাপন এবং মাসিক পেনশন সুবিধা চালুর দাবি জানিয়েছেন. বক্তারা অভিযোগ করেন যে, অর্থ মন্ত্রণালয়ের ২০০৪ ও ২০১৬ সালের প্রজ্ঞাপন অনুযায়ী অনেক সুবিধা পাওয়ার কথা থাকলেও গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ তা এখনো বাস্তবায়ন করেনি.
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন যে, সরকারি নিয়ম অনুযায়ী চাকরি ছাড়ার ১৫ বছর অতিক্রান্ত হলে পেনশন চালু হওয়ার কথা থাকলেও দীর্ঘ ১৮ বছরেও তা কার্যকর হয়নি. অনেককে চাকরির বয়স শেষ হওয়ার আগেই বাধ্যতামূলক অবসরে পাঠানোর মতো গুরুতর অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা. দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন
