নিজস্ব প্রতিনিধি :
দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ৫০ দিনের মধ্যে একদিনে মৃত্যুর এই সংখ্যা সর্বোচ্চ। নতুন করে মারা যাওয়া ১৭ শিশুর মধ্যে ১৫ জন হামের উপসর্গ নিয়ে এবং ২ জন হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে।
এই নিয়ে গত ৫০ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে হাম শনাক্ত হওয়ার পর নিশ্চিতভাবে মারা গেছে ৫২ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৫৯ শিশুর। সর্বশেষ মৃত ১৭ শিশুর মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের এবং ৫ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এই ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জন উপসর্গযুক্ত শিশুর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে আগের দিন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩০২টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬১৮ জন ঢাকা বিভাগের। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ১৯২ জন, রাজশাহীতে ১৬৮ জন এবং বরিশালে ১৩৩ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
বর্তমানে দেশের ৮টি বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬ জন শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৬১ জন। শিশুদের মধ্যে এই দ্রুত সংক্রমণ ও ক্রমবর্ধমান মৃত্যুহার নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ তদারকি চালিয়ে যাচ্ছে। –
