নিজস্ব প্রতিনিধি :
কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে পুরোদমে ভিসা সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে এবং ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে।
গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরকালে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করেন। বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের সব ভিসা কেন্দ্র কার্যকর রয়েছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে স্থগিত হওয়া ভিসা কার্যক্রম চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার চালু করা হয়েছে।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও দিল্লি সেই তিক্ততা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিচ্ছে। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধিদলের সফর এবং সাম্প্রতিক জ্বালানিসংকটে ভারতের ডিজেল সরবরাহ সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
নয়াদিল্লির সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশি নাগরিকদের ভিসা সেবা ব্যাহত হলেও চিকিৎসা বা পারিবারিক জরুরি প্রয়োজনে আবেদনগুলো সবসময় বিবেচনা করা হয়েছে। বর্তমানে এই সেবা ২০২৫ সালের ডিসেম্বরের আগের তুলনায় ১৫-২০ শতাংশ সক্ষমতায় চললেও চিকিৎসা ও পারিবারিক ভিসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শীঘ্রই বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণ করলে ভিসা সেবা পুরোদমে চালু হবে বলে আশা করা হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি কার্যক্রম শুরুর পর দুই মাসে ভারতীয় নাগরিকদের ১৩ হাজারের বেশি ভিসা দিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, ভারতে আসা বিদেশি পর্যটকদের ২০ শতাংশের বেশি বাংলাদেশি হলেও রাজনৈতিক উত্তজনা ও ভিসা জটিলতায় ২০২৫ সালে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে ৪ লাখ ৭০ হাজারে নেমে আসে, যা ২০২৩ সালে ছিল প্রায় ২১ লাখ ২০ হাজার। ভিসা কার্যক্রম স্বাভাবিক হলে দুই দেশ পুনরায় অর্থনৈতিক ও জ্বালানি সংযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মনোযোগ দেবে।
