নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আসন্ন বাংলাদেশ ডে প্যারেড ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো “Meet the Press with Full Executive Committee” শীর্ষক এক সংবাদ সম্মেলন। আয়োজকরা এ সময় প্যারেডের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রবিবার, ১৭ মে ২০২৬, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ (৬৯তম স্ট্রিট থেকে ৮৭তম স্ট্রিট) পর্যন্ত এলাকাজুড়ে এই প্যারেড অনুষ্ঠিত হবে। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং গৌরবময় পরিচয় তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে NY Home Care, এবং প্রেজেন্ট করছে Golden Age Home Care। আয়োজনে ম্যানেজিং পার্টনার হিসেবে যুক্ত আছেন আবদুল কাদের ও তার প্রতিষ্ঠান অল কাউন্ট হেলথ কেয়ার। বিভিন্ন স্পন্সর, মিডিয়া পার্টনার এবং কমিউনিটি সংগঠনের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি আরও সমৃদ্ধ হয়েছে।

সংবাদ সম্মেলনে নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। এতে গ্র্যান্ড মার্শাল হিসেবে দায়িত্ব পালন করছেন এম আজিজ ও এম এম শাহীন। কনভেনার হিসেবে আছেন গিয়াস আহমেদ এবং চেয়ারপারসন হিসেবে দায়িত্বে রয়েছেন মইন চৌধুরী, Esq. সদস্য সচিব ফাহাদ সোলায়মান এছাড়াও চিফ অ্যাডভাইজর, মেম্বার সেক্রেটারি, ইভেন্ট কো-অর্ডিনেটরসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের প্যারেডে থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, বাংলাদেশি ঐতিহ্যের বিভিন্ন উপস্থাপনা এবং প্রবাসী কমিউনিটির ব্যাপক অংশগ্রহণ। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “বাংলাদেশ ডে প্যারেড শুধু একটি অনুষ্ঠান নয়, এটি প্রবাসে আমাদের পরিচয়, ঐক্য ও গর্বের প্রতীক। আমরা চাই নতুন প্রজন্ম তাদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত হোক।”
সবশেষে আয়োজকরা নিউইয়র্কসহ আশপাশের এলাকায় বসবাসরত সকল বাংলাদেশিকে এই আয়োজন সফল করতে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।
