নিজস্ব প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে সাত বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সেলিম খন্দকার (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শনিবার (২ মে) শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান যে, অভিযুক্ত ব্যক্তি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃত সেলিম খন্দকার উপজেলার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবা। গত ৩০ এপ্রিল এই ঘটনার প্রেক্ষিতে শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ এপ্রিল সকালে ভুক্তভোগী শিশুটি সেলিম খন্দকারের বাড়ির কাছে খেলাধুলা করছিল। এ সময় সেলিম খন্দকার তাকে খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে নিজ ঘরের শয়নকক্ষে নিয়ে যান এবং দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।
পরদিন শিশুটি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে এবং কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকজনের কাছে বিস্তারিত খুলে বলে। এ ঘটনায় সেলিম খন্দকারের ছেলে শাহাদাত খন্দকার মঞ্জু দাবি করেছেন যে, পারিবারিক বিরোধের জেরে তাঁর বাবার বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছে।
শশীভূষণ থানার ওসি মো. ফিরোজ আহমেদ জানিয়েছেন, সেলিম খন্দকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরাধের প্রাথমিক সত্যতা এবং আসামির স্বীকারোক্তির ভিত্তিতে তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
