নিজস্ব প্রতিবেদক
মহান মে দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী ও মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। শুক্রবার (১ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি শিকাগোর বীর শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক ও শিল্প পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮’, জাতীয় শ্রমনীতি-২০১২ এবং গৃহকর্মী সুরক্ষা নীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করেছে, যা বিশ্বদরবারে বাংলাদেশকে স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
আওয়ামী লীগ সভাপতি তাঁর বার্তায় বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর শিল্প ও কৃষিতে আমাদের দীর্ঘ দেড় দশকের অর্জন ধ্বংসপ্রাপ্ত হয়েছে।” তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময়কালে প্রতিহিংসার শিকার হয়ে গার্মেন্টসসহ হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে।
বার্তায় আরও দাবি করা হয়,বিগত এক বছরে প্রায় ২১ লাখ শ্রমিক কর্মহীন হয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর নাগাদ প্রায় ৩০ লাখ মানুষ চরম দারিদ্র্যের শিকার হয়েছেন। এই পরিস্থিতিকে জাতীয় অর্থনীতির জন্য এক গভীর সংকট হিসেবে অভিহিত করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “শিল্পকারখানা বন্ধ করে এবং কর্মসংস্থান ধ্বংস করে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। আওয়ামী লীগ সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিল এবং থাকবে।” অন্ধকার সময় কাটিয়ে দেশ আবারও উন্নয়নের ধারায় ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বার্তার শেষে তিনি “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে শ্রমজীবী মানুষের জয় কামনা করেন।
