নিজস্ব প্রতিবেদক
মহান মে দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদানের কথা স্মরণ করার পাশাপাশি দেশের বর্তমান শ্রমবাজারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই গণমানুষের অধিকার আদায়ে কাজ করেছে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদের ২৫ বিঘা পর্যন্ত জমির কর মওকুফ এবং শ্রমিকদের জন্য নতুন মজুরি কমিশন গঠন করেছিলেন। বঙ্গবন্ধুর উদ্যোগেই মে দিবস জাতীয় দিবসের স্বীকৃতি পায় এবং বাংলাদেশ আইএলও-এর সদস্যপদ লাভ করে।
বিগত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকায় উন্নীত করা হয়েছিল। এছাড়া শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা সহায়তা, শ্রম বিধিমালা-২০১৫ এবং শিশুশ্রম নিরসন নীতির মতো যুগান্তকারী নীতিমালা প্রণয়ন করে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।
বর্তমান প্রেক্ষাপট নিয়ে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্টের পরবর্তী সময়ে দেশের শ্রমবাজারে ধস নেমেছে। তিনি দাবি করেন, তৎকালীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময় সহিংসতা ও দখলবাজির কারণে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়েছেন এবং ফ্যামিলি কার্ডসহ নিম্নআয়ের মানুষের জন্য চালু থাকা সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার পরিবর্তনের পরও পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি এবং বর্তমান সরকারের এ বিষয়ে কোনো কার্যকর পরিকল্পনা নেই।
বিবৃতির শেষে তিনি বলেন, দেশের শ্রমিক শ্রেণির অধিকার রক্ষা ও দারিদ্র্য বিমোচনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। শ্রমজীবী মানুষের মুক্তি ও অধিকার নিশ্চিতে দলটির সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
