নিজস্ব প্রতিনিধি : বাবার মৃত্যুর পর শেষবার মরদেহ দেখার জন্য প্যারোলে মুক্তি পাননি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শাহরুখ খান। শেষ পর্যন্ত প্রশাসনের নির্দেশে বাবার মরদেহ অ্যাম্বুলেন্সে করে জেলগেটে নিয়ে আসা হলে সেখানেই সন্তানকে শেষবার দেখার সুযোগ দেওয়া হয়। এই ঘটনায় শাহরুখের স্বজনরা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
নিহত আবুল বাশার খান (৫৮) বুধবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি পেশায় বটতলা টেম্পুস্ট্যান্ডের একজন লাইনম্যান ছিলেন। তাঁর ছেলে শাহরুখ খান গত শুক্রবার মধ্যরাত থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। ৫ আগস্টের পরবর্তী বিভিন্ন রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
শাহরুখের ভাই সালমান খান সাগর অভিযোগ করেন, প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করে দীর্ঘ সময় অপেক্ষা করলেও শেষ পর্যন্ত তা মঞ্জুর করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জেলগেটে মরদেহ নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিকেল পৌনে ৪টায় মরদেহ কারাগারে নেওয়া হলে মাত্র পাঁচ মিনিটের জন্য শাহরুখকে তাঁর বাবার মুখ দেখার অনুমতি দেওয়া হয়।
শাহরুখের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু নিশ্চিত করেছেন যে, জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তা গ্রহণ করা হয়নি। অন্যদিকে, বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী জেলগেটে মরদেহ দেখার ব্যবস্থা করার কথা স্বজনদের জানানো হয়েছিল। বাদ আসর জানাজা শেষে গ্রামের বাড়িতে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
