নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬”, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কবি, অনুবাদক ও গবেষক Carolyn Wright। একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই তিনদিনব্যাপী সাহিত্য আসর বাংলা ভাষা ও সংস্কৃতিপ্রেমীদের জন্য এক বিশেষ মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।
আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১৫, ১৬ ও ১৭ মে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির Evangel Christian Center-এ অনুষ্ঠিত হবে এই বইমেলা। তেরো শতাধিক আসনবিশিষ্ট আধুনিক অডিটোরিয়ামে সাউন্ড ও লাইটিংয়ের উন্নত সুবিধাসহ আয়োজন করা হয়েছে এই বর্ণাঢ্য অনুষ্ঠান।
প্রধান অতিথি Carolyn Wright দীর্ঘদিন ধরে বিশ্বসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি Harvard University, Radcliffe Institute, Emory University এবং University of Miami-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘ভিজিটিং পোয়েট’ ও ক্রিয়েটিভ রাইটিং-এর অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার সাহিত্যকীর্তির মধ্যে ২০০৯ সালে The Best American Poetry 2009-এ স্থান পাওয়া উল্লেখযোগ্য। এছাড়া ২০১৭ সালে তিনি অর্জন করেন মর্যাদাপূর্ণ Pushcart Prize। তার কবিতা ও রচনা ইংরেজি ছাড়াও স্প্যানিশ, বাংলা, পর্তুগিজসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং ব্রাজিল, স্পেন, চিলিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেয়েছেন একাধিক সম্মাননা ও গ্রান্ট।
বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি Carolyn Wright-এর বিশেষ অনুরাগ রয়েছে। বাংলাদেশের নারী কবিদের কবিতা নিয়ে তার অনুবাদ ও গবেষণা গ্রন্থ Majestic Nights: Love Poems of Bengali Women আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত। বাংলা কবিতার উপর গবেষণার অংশ হিসেবে তিনি বাংলাদেশ সফর করেছেন এবং Bangla Academy ও University of Dhaka-এর শিক্ষক ও গবেষকদের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গেও তিনি গবেষণামূলক সফর সম্পন্ন করেছেন।
আয়োজকরা জানিয়েছেন, বইমেলায় দেশের ও প্রবাসের লেখক, কবি, প্রকাশক এবং সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে নানা আয়োজন থাকবে। সাহিত্য আলোচনা, বই উন্মোচন, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক পরিবেশনা—সব মিলিয়ে এটি হবে একটি আন্তর্জাতিক মানের সাহিত্য উৎসব।
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির এমন এক অনন্য মিলনমেলায় অংশ নিতে আয়োজকরা সকল সাহিত্যপ্রেমীকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
