নিজস্ব প্রতিনিধি :
অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই চুক্তির আড়ালে বাংলাদেশের দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিসর্জন দিয়ে ‘শুকরের মাংস’ (Pork) আমদানির রাস্তা পরিষ্কার করা হচ্ছে কি না, তা নিয়ে জনমনে চরম উদ্বেগ ও বিতর্ক দানা বাঁধছে। চুক্তির শব্দবন্ধ ও ধারাগুলো বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দেখছেন এক গভীর অশনিসংকেত।
চুক্তিতে ব্যবহৃত সাধারণ শব্দ “meat” (মাংস) ও “meat products” (মাংসজাত পণ্য) নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, সুনির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা ছাড়াই এসব সাধারণ শব্দের আড়ালে ভবিষ্যতে শুকরের মাংস আমদানির পথ প্রশস্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি ও খাদ্যপণ্যের জন্য বাজার উন্মুক্ত করার বিষয়টি এখন দেশের সামাজিক বাস্তবতার ওপর বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোতে কোনো পণ্য নিষিদ্ধ করতে হলে সেটিকে বৈজ্ঞানিকভাবে ক্ষতিকর প্রমাণ করার প্রয়োজন পড়ে। কিন্তু বাংলাদেশে শুকরের মাংস বর্জনের ভিত্তি মূলত ধর্মীয় ও সামাজিক বিশ্বাস। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন চাপে এই ধর্মীয় অবস্থানকে “non-scientific barrier” বা অবৈজ্ঞানিক বাধা হিসেবে ব্যাখ্যা করার ঝুঁকি রয়েছে, যা ভবিষ্যতে আমদানিতে বাধা দেওয়া অসম্ভব করে তুলবে।
অন্তর্বর্তী সরকারের মতো একটি অস্থায়ী সরকারের আমলে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এমন সংবেদনশীল ও দীর্ঘমেয়াদি প্রভাব সম্পন্ন চুক্তি নিয়ে রাজনৈতিক মহলেও সমালোচনা তীব্র হচ্ছে। জনআলোচনা ছাড়াই কেন এমন রহস্যময় চুক্তি সম্পন্ন হলো, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। সরকারের পক্ষ থেকে চুক্তির পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ব্যাখ্যা না আসায় উদ্বেগ আরও ঘনীভূত হচ্ছে।
৯২ শতাংশ মুসলিম অধ্যুষিত এই দেশে শুকরের মাংস আমদানির ন্যূনতম সম্ভাবনাও জনমনে তীব্র অসন্তোষ তৈরি করেছে। সচেতন মহলের প্রশ্ন—অর্থনৈতিক সুবিধার বিনিময়ে কি তবে রাষ্ট্রের নীতিগত অবস্থান ও জনগণের ধর্মীয় মূল্যবোধকে বিসর্জন দেওয়া হচ্ছে? চুক্তির প্রতিটি শর্ত খতিয়ে দেখে জনগণের সামনে সত্য প্রকাশের দাবি এখন সর্বস্তরে।
