নিজস্ব প্রতিনিধি : RTV Young Star এবং বাংলার গায়েন-এর মতো জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা থেকে উঠে আসা এক তরুণ কণ্ঠ আজ আন্তর্জাতিক মঞ্চে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি রাফসান হাসান যার সংগীতযাত্রা এখন অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ।
শুরুটা ছিল প্রতিযোগিতার মঞ্চে, কিন্তু সেই শুরুই যেন ছিল বড় কিছুর পূর্বাভাস। RTV Young Star-এ সাফল্য এবং বাংলার গায়েন-এ অংশগ্রহণের পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাফসানকে। একের পর এক বড় মঞ্চ, একের পর এক আন্তর্জাতিক পারফরম্যান্স সবখানেই তিনি রেখে যাচ্ছেন নিজের স্বাক্ষর।

তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হলো জাতিসংঘ সদর দপ্তর (UN Headquarters)-এ পারফরম্যান্স, যেখানে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। শুধু তাই নয়, নিউ ইয়র্কের আইকনিক টাইমস স্কোয়ার, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচ, ভারতের ইন্দোরসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও তিনি সফলভাবে পারফর্ম করেছেন।
সংগীতের এই যাত্রায় রাফসান হাসান কাজ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান এবং প্রতীক হাসানের সঙ্গে, যেখানে তাঁদের সহযোগিতামূলক পারফরম্যান্স দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি তিনি অংশ নিয়েছেন অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে, যা তাঁকে প্রবাসী বাংলা সংগীত অঙ্গনে একটি পরিচিত মুখে পরিণত করেছে।
বর্তমানে রাফসান হাসান ব্যস্ত সময় পার করছেন তাঁর নিজস্ব সলো প্রজেক্ট নিয়ে। একই সঙ্গে তিনি কাজ করছেন আসন্ন একটি বাংলাদেশি চলচ্চিত্রের গানে, যা তাঁর ক্যারিয়ারের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে।
সংগীত সংশ্লিষ্ট অনেক স্বনামধন্য সুরকারের মতে, রাফসানের কণ্ঠ অত্যন্ত মেলোডিয়াস এবং প্লেব্যাকের জন্য উপযুক্ত। তাঁর কণ্ঠের আবেগ, নিয়ন্ত্রণ এবং আধুনিকতার মিশেল তাঁকে বর্তমান সময়ের একজন সম্ভাবনাময় প্লেব্যাক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করছে।
একজন প্রতিযোগী থেকে আন্তর্জাতিক পারফর্মার রাফসান হাসানের এই যাত্রা প্রমাণ করে প্রতিভা, পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা থাকলে স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেয়। এখন তাঁর লক্ষ্য আরও বড় বাংলা সংগীতকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া।
