নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় অবস্থিত জনপ্রিয় ‘কিং কাবাব’ রেস্টুরেন্টকে ঘিরে এক ভোক্তা অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক ক্রেতা দাবি করেছেন, রেস্টুরেন্ট থেকে কেনা খাবারের মধ্যে চুল পাওয়া গেছে। তবে এ বিষয়ে রেস্টুরেন্টের কর্মচারীরা কোনো দায় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী জানান, তিনি নিজের জন্য খাবার নিয়ে গেলে খাওয়ার সময় একটি খাবারের ভেতর স্পষ্টভাবে চুল দেখতে পান। ঘটনাটি তিনি তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে জানালে সেখানে উপস্থিত কর্মচারীরা বিষয়টি এড়িয়ে যান এবং দায় নিতে অস্বীকৃতি জানান। এতে তিনি হতাশ ও ক্ষুব্ধ হন। এবং রাতে রেস্টুরেন্ট বন্ধ করার সময় বেঁচে যাওয়া খাবার ফেলে না দিয়ে রেখে দেওয়া হয় পরেরদিন বিক্রি করার জন্য যা মোটেও স্বাস্থ্যকর নয়।
এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলেছেন, এমন ঘটনা শুধু একটি রেস্টুরেন্টের নয়, বরং সামগ্রিকভাবে ফুড সেফটি ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন।
স্থানীয় জ্যামাইকার নেতৃবৃন্দ বলছেন, এ ধরনের অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা উচিত এবং প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
