নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
১৭ এপ্রিল উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের ঐতিহাসিক মুহূর্তটি স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে গঠিত সেই সরকারই মুক্তিযুদ্ধ সফলভাবে পরিচালনা করে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নিশ্চিত করেছিল।
বর্তমানে দেশের পরিবর্তিত প্রেক্ষাপট তুলে ধরে শেখ হাসিনা তাঁর বাণীতে ১৯৭২ সালের সংবিধানকে ঘিরে চলমান বিভিন্ন কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেন। তিনি স্পষ্টভাবে বলেন, “এই সংবিধান শহীদের রক্তে অর্জিত একটি পবিত্র দলিল এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি।” তিনি মনে করেন, এই সংবিধানকে বিতর্কিত করার যেকোনো ষড়যন্ত্র দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
শেখ হাসিনা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতীয় চার নেতা, ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনসহ সকল মুক্তিযোদ্ধা ও সংগঠককে। তিনি বলেন, “বর্তমানে স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুত্থান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এবং শহীদের আত্মত্যাগের প্রতি চরম অসম্মানজনক।” এই অশুভ শক্তিকে রুখে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ঐতিহাসিক মুজিবনগর দিবসের চেতনাকে ধারণ করে সকল ষড়যন্ত্র মোকাবিলা ও মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি।
