নিজস্ব প্রতিনিধি
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে আওয়ামী লীগ সমর্থিত ও সমমনা প্যানেল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ঘোষিত নির্বাচনী ফলাফলে দেখা যায়, ১৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ অধিকাংশ পদেই বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী ঘরানার প্রার্থীরা। বিপরীতে বড় ধরনের পরাজয়ের স্বাদ পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এএকেএম আউয়াল। এছাড়া সভাপতি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শাহ আলম।
স্থানীয় আইনজীবী সূত্র নিশ্চিত করেছে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই আওয়ামী ঘরানার নেতা হিসেবে পরিচিত। তারা উভয়ই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের পরাজিত করে এই বিজয় অর্জন করেন।
মোট ১৫টি পদের মধ্যে অন্তত ৮টি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদকসহ ৬টি গুরুত্বপূর্ণ পদ নিজেদের দখলে নিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন তালুকদার স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম আলী মোল্লা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক শুশেন কুমার হালদার, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান এবং হিসাব নিরীক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম শিমুল।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মিসেস নাসিমা আক্তার, সরজিত কুমার অধিকারী, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।
নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের হটিয়ে আওয়ামী পন্থীদের এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৫টি পদের মধ্যে অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে আওয়ামী ঘরানার আইনজীবীরা বিজয়ী হওয়ায় আইনজীবী সমিতিতে তাদের প্রভাব আরও সুসংহত হলো। নির্বাচন পরবর্তী সময়ে বিজয়ীদের অনুসারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
