নিজস্ব প্রতিনিধি
দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ দেশের বিভিন্ন জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব ইউনিটে এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি, সেসব ইউনিটকে আগামী ১৮ এপ্রিল থেকে ১৭ মে ২০২৬ এর মধ্যে কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর গঠিত কমিটি কেন্দ্রীয় দপ্তরের নির্ধারিত ইমেইলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দকে সংশ্লিষ্ট ইউনিটগুলোতে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করতে হবে। যাতে নির্ধারিত সময়ের মধ্যেই সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করা যায়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রলীগের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তৃণমূলের কর্মীরা। তারা মনে করছেন, দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে এবং মাঠ পর্যায়ের কার্যক্রমে নতুন গতি আসবে।
উল্লেখ্য, একই দিন সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজ ও সভাপতি-সাধারণ সম্পাদকের ব্যক্তিগত আইডিতেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
