নিজস্ব প্রতিনিধি
‘আব্বার আর জামিন লাগবে না, আহ্ ভাগ্য আমার! আমার আব্বার আত্মার শান্তির জন্য সবাই দোয়া করবেন। ক্ষমা করে দিও বাবা, আমি তোমার অযোগ্য সন্তান, ওই জেলের শক্ত লোহাগুলোর কাছে হেরে গেলাম।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া মো. জাকিউর রাফিদ নাফির এমন হৃদয়বিদারক স্ট্যাটাস এখন ভাইরাল। বাবার কারামুক্তি চেয়ে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আসা এই সন্তানের বিলাপ নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান জিয়াউল হক জিয়া (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। তিনি জামালপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।
নিহত জিয়াউল হক জিয়া আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ডি.কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ তার রক্তচাপ কমে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় এ বছরের ১৫ জানুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
জামালপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. শামীম রেজা বলেন, ‘নিহতের রক্তচাপ হঠাৎ কমে গিয়েছিল। পরে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
