নিউইয়র্কের জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে মঙ্গলবার ৮ এপ্রিল ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আয়োজকরা আগামী বছরের কনভেনশনের ভেন্যু, তারিখ, প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪০তম ফোবানা কনভেনশন আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ কানাডার টরন্টো শহরে অনুষ্ঠিত হবে। কনভেনশনের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ডন ভ্যালি হোটেল অ্যান্ড স্যুইটস, ১৭৫ উইনফোর্ড ড্রাইভ, নর্থ ইয়র্ক, অন্টারিও, এম থ্রি সি ওয়ান জে থ্রি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের কনভেনশনের আয়োজক বাংলাদেশ সোসাইটি এসসি, অন্টারিও, কানাডা।
অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত ব্যানারে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের নামও উল্লেখ করা হয়েছে। এতে খোকন রহমান প্রেসিডেন্ট, বিএসএসসি; জহুরুল ইসলাম জেনারেল সেক্রেটারি, বিএসএসসি; গিয়াস আহমেদ চেয়ারম্যান, স্টিয়ারিং কমিটি; এবং ফিরোজ আহমেদ এক্সিকিউটিভ সেক্রেটারি, স্টিয়ারিং কমিটি হিসেবে দেখানো হয়। এছাড়া শাহ নেওয়াজ চিফ প্যাট্রন অ্যান্ড প্লাটিনাম স্পন্সর এবং ডা. দারা আবুল জুবাইর সাইনিং অথরিটি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফোবানা উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ মিলনমেলা। এই কনভেনশন শুধু একটি সামাজিক বা সাংস্কৃতিক আয়োজন নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, পরিচয়, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতিরও একটি বড় প্ল্যাটফর্ম। তারা বলেন, টরন্টো কনভেনশনকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে এখন থেকেই পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে।
বক্তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও কমিউনিটির বন্ধনকে আরও শক্তভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ফোবানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী কনভেনশনে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ও প্রদেশ থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে নিউইয়র্কের প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সংগঠক এবং আগ্রহী অতিথিরা উপস্থিত ছিলেন।
