চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ‘গলাকাটা মোবারক’ অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে যে অস্ত্রটি দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়েছিল, তা ২০২৪ সালের ৫ আগস্ট কোতোয়ালি থানা থেকে লুণ্ঠিত ৯ মিমি পিস্তল। এ ঘটনা আবারও স্পষ্ট করেছে যে, সরকার পতনের দিনে পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন সারা দেশের ৪৬০টি পুলিশ স্থাপনায় হামলা ও লুটপাট চালানো হয়। সেখান থেকে মোট ৫ হাজার ৭৩টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫২ হাজার গোলাবারুদ লুট হয়ে যায়।
চলতি বছরের ২৫ আগস্ট পর্যন্ত পুলিশের তৎপরতায় ৪ হাজার ৪৫৩টি আগ্নেয়াস্ত্র এবং ৩ লাখ ৯৪ হাজার ৮৯৫টি গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ১ হাজার ৩১০টি আগ্নেয়াস্ত্র এবং ২ লাখ ৫৭ হাজার ১১৩টি গোলাবারুদ খোয়া রয়েছে। উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৪৪৩টি ৯ মিমি পিস্তল, ২০৩টি ৭.৬২ মিমি পিস্তল, ১০৯টি চায়না রাইফেল, ৩৮৪টি শটগান, ৩০টি এসএমজি ও ৩টি এলএমজি। তা ছাড়া লুট হওয়া ৩৩টি ৯ মিমি এসএমজি/এসএমটির একটিও উদ্ধার করা সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, সাধারণ মানুষের হাতে থাকা অস্ত্র জমা পড়লেও পেশাদার অপরাধী ও সন্ত্রাসীরা এই সুযোগে থানা থেকে অস্ত্র লুট করে নিজেদের কবজায় রেখে দিয়েছে। এই অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে বিশেষ গোয়েন্দা ইউনিট গঠন করে জোরদার অভিযান শুরু করা হয়েছে।
