নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক এবং ক্লাবটির ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নিউইয়র্কের লং আইল্যান্ডের গ্রেট নেকের লিওনার্ডস পালাজ্জো পার্টি হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে লায়ন্স ক্লাবের সদস্য ও তাদের পরিবার ছাড়াও গণমাধ্যমকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং দেশি-বিদেশি বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি লায়ন্স ক্লাবের মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের সদস্যদের হাতে অ্যাওয়ার্ড ও সম্মাননা তুলে দেওয়া হয়। নতুন নেতৃত্বের হাত ধরে ক্লাবের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ও কমিউনিটি উন্নয়ন আরও বেশি বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। আলোচনা পর্ব শেষে মনোরম সাংস্কৃতিক পরিবেশনা এবং উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও লায়ন শাহ নেওয়াজ। এছাড়া পুরো আয়োজন সফল করতে অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন মোহাম্মদ জাহিদ আলম। আহ্বায়ক ছিলেন লায়ন এমএস আলম, সদস্য সচিব লায়ন মোহাম্মদ মিজানুর রহমান, চিফ কোঅর্ডিনেটর লায়ন ফাহাদ সোলায়মান, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন আহসান হাবিব এবং ফাইন্যান্স কোঅর্ডিনেটর ছিলেন লায়ন এএসএম মাঈন উদ্দিন পিন্টু।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির সকল সদস্য, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লাবের প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইলেক্ট লায়ন জেএফএম রাসেল, সেক্রেটারি লায়ন মশিউর রহমান মজুমদার এবং সেক্রেটারি ইলেক্ট লায়ন মাসুদ রানা তপন।
