মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্ত। চাঞ্চল্যকর এই ঘটনায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মেলায় দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ–উর–রহমান লিপকনের অনুমোদনে এবং দপ্তর সম্পাদক শিবলী সাদিক শিবলুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়। একই সাথে সংগঠনের নেতাকর্মীদের তাদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট মালয়েশিয়াপ্রবাসী কাউসার হোসেন তার বোনের বিয়ের জন্য এক পরিচিত ব্যক্তির মাধ্যমে দেশে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। প্রবাসীর ভাই মো. সুমন ও তার বন্ধু রোহান বিমানবন্দর থেকে সেই স্বর্ণালংকার নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আসার পর তাদের গতিপথ রোধ করেন ছাত্রদল সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল আমিন, বিমানবন্দর এলাকার বিএনপি নেতা আব্দুর রউফ ও রুবেল।
অভিযুক্তরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী পরিচয় দিয়ে এবং সঙ্গে বোমা থাকার ভয় দেখিয়ে প্রবাসীর স্বজনদের ওপর হামলা চালান ও ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে ২৯ আগস্ট ভুক্তভোগী মো. সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আল আমিন হোসেন শান্ত ও বিএনপি নেতা আব্দুর রউফকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ১০০ গ্রাম ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার করে। রিমান্ড শেষে সোমবার আসামিদের আদালতে হাজির করা হলে, উভয়পক্ষের মধ্যে আপস-মীমাংসার দাবি সত্ত্বেও আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
