আসন্ন ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৬’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়েছে “প্যারেড এক্সিকিউটিভ কমিটি মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য প্রেস” শীর্ষক এক বিশেষ প্রেস কনফারেন্স ও মিডিয়া ইন্টারঅ্যাকশন।
স্থানীয় নবান্ন পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্যারেডের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থা, কমিউনিটি অংশগ্রহণ, সাংস্কৃতিক আয়োজন এবং বিশেষ অতিথিদের উপস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারেডের এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান এটর্নি মইন চৌধুরী, ইএসকিউ, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলাইমান, কনভেনর গিয়াস আহমেদ, চিফ ইভেন্ট কোঅর্ডিনেটর রকি ফেমড, বাপা প্রেসিডেন্ট ক্যাপ্টেন প্রিন্স আলম, প্যারেড কো-অর্ডিনেটর আব্দুস সোবহান এবং গ্র্যান্ড মার্শাল মোহাম্মদ আজিজ। এছাড়াও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।
আয়োজক কমিটি জানায়, আগামী ১৭ মে ২০২৬, রোববার ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৬’ অনুষ্ঠিত হবে। প্যারেডটি জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউর ৬৯ স্ট্রিট থেকে ৮৭ স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে আয়োজিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এটি নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসব ও মিলনমেলায় পরিণত হবে।
সভায় জানানো হয়, ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন, হিউম্যানিটি এমপাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন এবং বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) যৌথভাবে এ বছরের প্যারেড আয়োজন করছে। আয়োজকদের মতে, এ উদ্যোগের লক্ষ্য নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা, প্রবাসী কমিউনিটির ঐক্য আরও সুদৃঢ় করা এবং মূলধারার সমাজে বাংলাদেশিদের অবস্থান আরও দৃশ্যমান করা। প্রবাসের সর্ববৃহৎ এই বাঙালিদের মিলনমেলায় মিডিয়া পার্টনার হিসেবে থাকবে ঠিকানা, আরটিভি, চ্যানেল ফোরটিন এবং আমেরিকান বাংলা টিভি।
উত্তর আমেরিকার বিভিন্ন বাংলা সংবাদমাধ্যম, টেলিভিশন চ্যানেল, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। তারা প্যারেডের নিরাপত্তা, জনসমাগম, স্পনসরশিপ, সাংস্কৃতিক পরিবেশনা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে আয়োজকরা জানান, এবারের আয়োজনকে আরও সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক ও স্মরণীয় করে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করছেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ ডে প্যারেড কেবল একটি উৎসব নয়; এটি প্রবাসে বাংলাদেশি পরিচিতি, ঐক্য, গৌরব ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তারা দলমত নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশিকে এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে, সাংবাদিক, কমিউনিটি সংগঠক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন, তরুণ প্রজন্ম এবং প্রবাসীদের সম্মিলিত অংশগ্রহণে ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৬’ নিউইয়র্কে বাংলাদেশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
