বাংলাদেশি ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই তাঁর ভিসা বাতিল করেছে দেশটির অভিবাসন বিভাগ। ‘লিগ্যাসি অব ফেইথ’ নামক একটি সিরিজ আলোচনা সভায় অংশ নিতে তিনি ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন।
সোমবার ব্রিসবেনে তাঁর প্রথম প্রোগ্রাম অনুষ্ঠিত হলেও বাকি সূচিগুলো অনিশ্চিত হয়ে পড়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, আজহারির বিরুদ্ধে অতীতে ইহুদিবিদ্বেষী মন্তব্য এবং উগ্রবাদী প্রচারণার গুরুতর অভিযোগ রয়েছে।
বিশেষ করে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এক বক্তৃতায় অ্যাডলফ হিটলারের প্রশংসা করা এবং ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ ও ‘বিষাক্ত কলঙ্ক’ হিসেবে অভিহিত করার বিষয়টি সামনে আসায় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। ওই বক্তৃতায় তিনি এইডস রোগের বিস্তারের জন্যও ইহুদিদের দায়ী করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার দেশটির সিনেটে আজহারির আগমন নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ’-সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী আজহারির বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছিল।
ডুনিয়াম উল্লেখ করেন, ২০২১ সালে যুক্তরাজ্যেও হিন্দুবিদ্বেষ ছড়ানোর অভিযোগে আজহারির প্রবেশাধিকার বাতিল করা হয়েছিল।
আজহারির নির্ধারিত সূচি অনুযায়ী ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি ও ৬ এপ্রিল ক্যানবেরায় তাঁর আলোচনা সভা হওয়ার কথা ছিল। তবে ভিসা বাতিল হওয়ায় তিনি এখন অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় আছেন।
এর আগে কাতার ও ওমানে থাকা অবস্থায়ও আজহারির বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। আজহারির পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
