নিউইয়র্ক সিটির কুইন্সে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় ১৯ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীর মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি সড়ক পার হওয়ার সময় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় নিহত হন বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহত তরুণীর নাম নিশাত জান্নাত। তার বাবা হেলাল আহমদ কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম।

পুলিশ জানায়, উডসাইডের রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২তম স্ট্রিটের সংযোগস্থলে ( বাংলাদেশশি মালিকাধীন গ্রোসারি ফুড ফেয়ার) রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সে সময় নিশাত ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। পশ্চিমমুখী রুজভেল্ট অ্যাভিনিউ দিয়ে আসা ‘রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস’-এর একটি স্যানিটেশন ট্রাক ডান দিকে ঘুরে ৬২তম স্ট্রিটের উত্তরমুখী লেনে ওঠার সময় তাকে ধাক্কা দেয়। পুলিশের মতে, সংযোগস্থলের উত্তর পাশে এই আঘাত লাগে।
ঘটনাস্থলেই ইএমএস কর্মীরা নিশাতকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন নওশিন জান্নাত সোমবার সকালে পরিবারের কুইন্সের বাড়িতে আওয়াজবিডিকে বলেন, “আমার বাবা-মা ভেঙে পড়েছেন। ঘরের ভেতর সবাই কাঁদছেন।”
তিনি জানান, নিশাত জ্যামাইকার পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন এবং সেখানে তিনি কালো ইউনিফর্ম পরতেন। রোববার রাত ১১টার দিকে কাজ শেষ করে ছোট বোনের জন্য কেক আনতে নিশাত উডসাইড ট্রেন স্টেশনে নামেন। এরপর আর কথা না হওয়ায় এবং বাসায় না ফেরায় নওশিন উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তিনি নিশাতের ফোনের লোকেশন ট্র্যাক করে রাত প্রায় ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান, যেখানে তিনি চারপাশে পুলিশ দেখতে পান।
নওশিন আরও বলেন, “আমার বোন খুব আশাবাদী ছিল। সে সবসময় মানুষকে বলত, আল্লাহর ওপর ভরসা রাখতে।” নিশাত তার দুই ছোট বোন—যাদের বয়স ৯ ও ৪ বছর—রেখে গেছেন।
তিনি বোনের কথা স্মরণ করে বলেন, “আশা রাখো। মৃত্যু যেকোনো সময় আসতে পারে, তাই প্রস্তুত থাকো। বর্তমানেই বাঁচো, এই মুহূর্তের জন্য বাঁচো। অতীত বা ভবিষ্যতে আটকে থেকো না।”
দুর্ঘটনায় জড়িত স্যানিটেশন ট্রাকটির চালক, ৩৮ বছর বয়সী এক নারী, ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড বিষয়টি তদন্ত করছে।
রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটির মালিক প্রতিষ্ঠান ‘ওয়েস্ট কানেকশনস’-এর এক মুখপাত্র বলেন, “কুইন্সে আজ সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের পক্ষ থেকে আমরা নিহতের পরিবার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। চলমান তদন্তের স্বার্থে এবং সংশ্লিষ্টদের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে আমরা এ বিষয়ে আর কোনো মন্তব্য করছি না।”
উল্লেখ্য, নিহত নিশাত জান্নাতের পরিবার ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসায় আসেন। তার দেশের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার।
