দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব এবং টিকার অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। গ্রামীণ ব্যাংকের সাবেক এই কর্মকর্তাকে ঠিক কী যোগ্যতার ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন তুলে তিনি ড. মুহাম্মদ ইউনূসের পছন্দ ও সিদ্ধান্তকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
জুলকারনাইন সায়ের তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, দেশের সাম্প্রতিক ইতিহাসে হামের প্রকোপে ৪১ জন শিশুর মৃত্যুর মতো নজিরবিহীন ঘটনা আগে কখনো ঘটেনি। তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের আগস্টে তৎকালীন স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই এইচপিএনএসপি (HPNSP) তথা সেক্টর প্রোগ্রামের আওতাধীন অপারেশনাল প্ল্যান (OP) ব্যবস্থা বাতিল করে দেয়। এই হটকারী সিদ্ধান্তের কারণেই আজ দেশে হামসহ অন্তত ৮-১০টি জীবনরক্ষাকারী টিকার তীব্র সংকট সৃষ্টি হয়েছে।
সায়ের আরও বলেন, ইউনূস সাহেবের পছন্দের এই স্বাস্থ্য উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে আসলে কী কী কাজ করেছেন, তার বিস্তারিত তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রকাশ করতে হবে। তিনি ড. ইউনূসের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা ইউনূস সাহেবকে রাত-দিন পূজা করেন, তাদের প্রতি পরামর্শ—পূজা-অর্চনার পাশাপাশি তাকে জবাবদিহির আওতায় আনার বিষয়টিও ভাবতে শুরু করুন।”
নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন এবং ড. ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে জনস্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ না হয়েও এমন একটি নাজুক সময়ে তাঁকে কেন এই দায়িত্ব দেওয়া হয়েছিল, তা নিয়ে এখন জনমনে ও বিশেষজ্ঞ মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
