পাকিস্তানের সাবেক ধর্মবিষয়ক মন্ত্রী ও প্রখ্যাত ইসলামী স্কলার সাইয়্যাদ হামিদ সাইয়্যাদ কাজমি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। গত ২৯ মার্চ সকালে ঢাকা পৌঁছানোর পর তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। তাঁর এই সফরকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো তাঁর ওপর সতর্ক দৃষ্টি রাখছে।
পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক দল পিপিপি-এর এই নেতা ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশটির ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুন্নি সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত সম্মানিত এই ব্যক্তিত্ব উগ্রবাদ ও তালেবানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। ২০০৯ সালে ইসলামাবাদে তাঁর ওপর প্রাণঘাতী হামলাও হয়েছিল, যেখানে তিনি গুরুতর আহত হন।
সফরসূচি অনুযায়ী, ৩০ ও ৩১ মার্চ তিনি চট্টগ্রামের হাটহাজারীর চিপাতলী কামিল মাদ্রাসায় স্থানীয় ইসলামী স্কলারদের সঙ্গে আলোচনা ও বয়ান পেশ করবেন। আগামী ১ এপ্রিল চট্টগ্রাম মহানগর ও জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে তাঁর বিশেষ বৈঠকের কথা রয়েছে। ১০ দিনের এই সফরে তিনি ধর্মীয় ও তাত্ত্বিক বিষয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত তিন মাস ধরে পাকিস্তানি সামরিক বা সরকারি কর্মকর্তাদের বাংলাদেশ সফর কার্যত বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর হামিদ কাজমির এই সফরকে কূটনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপটে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
