দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জের মতো নূন্যতম চিকিৎসা সামগ্রী কেনার অর্থও বর্তমানে সরকারের হাতে নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্বাস্থ্যখাতের এই ভয়াবহ চিত্র তুলে ধরেন।
স্বাস্থ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতে যে পরিমাণ লুটপাট ও অব্যবস্থাপনা হয়েছে, তার ফলে বর্তমান তহবিল প্রায় শূন্যের কোঠায়। তিনি উল্লেখ করেন, “বিগত সরকারের আমলে দ্রুত অর্থ উপার্জনের নেশায় তড়িঘড়ি করে অবকাঠামো নির্মাণ করা হয়েছিল, যার ফলে ২৫০ শয্যার হাসপাতালগুলোর নকশাতেও ভয়াবহ ত্রুটি রয়ে গেছে।” অনেক হাসপাতালে প্রবেশপথের পাশেই শৌচাগার নির্মাণ করায় দুর্গন্ধে রোগী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে বলেও তিনি জানান।
মন্ত্রী আরও জানান যে, তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে থাকা সীমিত তহবিলও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বর্তমানে এই আর্থিক সংকট নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। তবে সাধারণ মানুষের জন্য আশার কথা শুনিয়ে তিনি বলেন, আগামী বাজেটের পর সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পর্যায়ক্রমে সব উপজেলায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
