জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে’ এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
অভিযান সূত্রে জানা গেছে, ওই ফিলিং স্টেশনটি ‘তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি বিক্রি বন্ধ রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে সেখানে হানা দেন। তল্লাশির এক পর্যায়ে পাম্পের ভূগর্ভস্থ ট্যাংকে বিপুল পরিমাণ জ্বালানির মজুত পাওয়া যায়। অভিযানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন—সব মিলিয়ে মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি জব্দ করা হয়।
মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। ইউএনও জাকির মুন্সী জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তা হয়রানির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
