বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী ও ২৬ মার্চের সকালে সাতক্ষীরায় ঝটিকা মিছিল ও পুষ্পমাল্য অর্পণ করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে শহরের সুলতানপুর এলাকায় ছাত্রলীগের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। অন্যদিকে শহরের বাইপাস এলাকায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা।
৫ আগস্টের পটপরিবর্তনের পর এবং সংগঠন দুটি নিষিদ্ধ হওয়ার পর সাতক্ষীরায় এটিই তাদের প্রথম প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা বলে জানা গেছে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণকারীরা সংগঠনের ওপর থেকে আইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি সুলতানপুর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দ্রুত শেষ হয়।
প্রায় একই সময়ে বাইপাস সড়ক এলাকায় যুবলীগের একদল কর্মী জড়ো হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে দ্রুত এলাকা ত্যাগ করেন। স্বাধীনতা দিবসের ভোরে এমন আকস্মিক কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই ঝটিকা মিছিল ও কর্মসূচির বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্রলীগ বা যুবলীগের কোনো প্রকাশ্য কর্মসূচির বিষয়ে আগে থেকে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মিছিলের বিষয়টি তার নজরে এসেছে। ওসির দাবি, যুবলীগের কোনো কর্মসূচির ব্যাপারে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পুলিশ পায়নি। ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
