নিজস্ব প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তবে সেই ভিডিওতে মুক্তিযুদ্ধের অন্যতম স্লোগান ‘জয় বাংলা’ অংশটি ‘মিউট’ বা শব্দহীন করে রাখায় তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধাভরে স্মরণ করছি অকুতোভয় বীর যোদ্ধাদের, যাদের অসীম সাহস ও আত্মত্যাগে শোষণ-বঞ্চনার বৃত্ত থেকে বেরিয়ে উদিত হয়েছিল লাল সবুজের স্বাধীন বাংলাদেশের পতাকা।”
ভিডিওটিতে মুক্তিযুদ্ধের সময়ের দৃশ্যপট তুলে ধরা হলেও, তাতে ব্যবহৃত অডিওর নির্দিষ্ট একটি অংশে ‘জয় বাংলা’ স্লোগানটি ইচ্ছাকৃতভাবে শব্দহীন বা মিউট করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনদের বড় একটি অংশ এটিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন এবং বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছেন।
সামাজিক মাধ্যমে অনেকেই এই ঘটনাকে ‘দুঃখজনক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করছেন। একজন রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে থেকে মুক্তিযুদ্ধের সপক্ষের স্লোগানকে এভাবে সম্পাদনা করে উপস্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। স্বাধীনতা ও জাতীয় দিবসের মতো সংবেদনশীল দিনে এমন বিতর্কিত ভিডিও পোস্টের ফলে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এখন পর্যন্ত এই বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়া জুড়ে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় অব্যাহত রয়েছে।
