নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারে ছুরিকাঘাতে খোরশেদ আলম (২৩) নামে ছাত্রদলের এক সক্রিয় কর্মী নিহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় প্রাণ হারান তিনি
নিহত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার ইসুলোর ঘোনা এলাকার শাহ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খোরশেদ আলম কবিতা চত্বর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। বন্ধু ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ নিহত খোরশেদের সঙ্গে থাকা তারিন নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। জানা গেছে, তারিনও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ছিলেন। পুলিশের হেফাজতে নেওয়ার আগে তারিন সাংবাদিকদের কাছে দাবি করেন, কবিতা চত্বর সৈকত এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত আমাদের ঘিরে ধরে মূল্যবান জিনিসপত্র দাবি করে। এক পর্যায়ে ‘আরিফ’ নামে এক ব্যক্তিকে মারধরের ভিত্তিহীন অভিযোগ তুলে খোরশেদকে ছুরিকাঘাত করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, নিহতের সঙ্গে থাকা ওই নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
শহর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক জানান, খোরশেদ সংগঠনের একজন সক্রিয় কর্মী ছিলেন।
এই হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের এলাকায় এমন ঘটনা দেশের আইন শৃংখলার প্রতিচ্ছবি বহন করে। এছাড়া, নারী ঘটিত কারণে এমনটা হতে পারে বলে নেটিজেনরা মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তারা সেভাবে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিলো তার জেরে এই হামলা।
