নিজস্ব প্রতিনিধি
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত ও জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, আগামী ২০ মার্চ (শুক্রবার) নিউইয়র্কের বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কসসহ বিভিন্ন এলাকার মসজিদ কমিটি তাদের নামাজের সময়সূচী প্রকাশ করেছে।
জ্যামাইকার ১৬৮ স্ট্রিটে অবস্থিত জ্যামাইকা মুসলিম সেন্টার কেন্দ্রে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮:০০ টায়, দ্বিতীয় জামাত ৯:০০ টায় এবং তৃতীয় জামাত সকাল ১০:০০ টায়। এখানে মা-বোনদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা রয়েছে।
ব্রুকলিনের কর্টেলিও রোডে অবস্থিত বাংলাদেশ মুসলিম সেন্টারের মসজিদে একটি বিশাল জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে। এছাড়া ব্রুকলিনের বায়তুল মামুর মসজিদে সকাল ৮:৩০ মিনিটে ইনডোর ও আউটডোর জামাত হবে (আবহাওয়া খারাপ হলে দুটি জামাত হবে- সকাল ৮:০০ ও ৯:০০ টায়)।
নিউ হাইড পার্কে অবস্থিত হিলসাইড ইসলামিক সেন্টারে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সময়গুলো হলো—সকাল ৭:৩০, ৮:০০, ৯:০০, ৯:৩০ এবং ১০:৩০। নামাজের পর শিশু ও মুসল্লিদের জন্য আপ্যায়নের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
ওডেল স্ট্রিটে অবস্থিত ব্রঙ্কস বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে পিএস ১০৬ স্কুল প্লে-গ্রাউন্ডে (খোলা মাঠে) দুটি বিশাল জামাত হবে। প্রথমটি সকাল ৮:১৫ মিনিটে এবং দ্বিতীয়টি সকাল ৯:০০ টায়। তবে বৃষ্টি হলে মসজিদের ভেতরে চারটি জামাত (৮:০০, ৮:৪৫, ৯:১৫ ও ৯:৪৫) অনুষ্ঠিত হবে।
ভ্যালি স্ট্রিমের মসজিদ হামজায় চারটি জামাত হবে (৭:৩০, ৮:৩০, ৯:৩০ ও ১০:৪৫)। অন্যদিকে লং আইল্যান্ড মুসলিম সোসাইটিতেও সকাল ৭:৩০ থেকে শুরু হয়ে ১০:৩০ পর্যন্ত চারটি জামাত অনুষ্ঠিত হবে।
বাফেলোর মসজিদ বায়তুল আমানে তিনটি জামাত (৮:০০, ৯:০০ ও ১০:০০) এবং বাফেলো মুসলিম সেন্টারে দুটি জামাত (৮:৩০ ও ৯:৩০) অনুষ্ঠিত হবে। আমহার্স্টের মুনা সেন্টারে তিনটি জামাত যথাক্রমে ৮:৩০, ৯:৩০ ও ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
অধিকাংশ মসজিদ কমিটি মুসল্লিদের বাসা থেকে অজু করে আসার এবং সাথে নিজস্ব জায়নামাজ নিয়ে আসার অনুরোধ জানিয়েছে। এছাড়া পার্কিং সমস্যা এড়াতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
