নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে আপাতত কোনো সুখবর নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তবে এ বিষয়ে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (১৬ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভিসা কার্যক্রম চালুর বিষয়ে কাজ চলছে। তবে এটি কবে চালু হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এর আগে তিনি প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর–এর সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, দুই দেশের বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ক্রস–বর্ডার বিদ্যুৎ বাণিজ্য ও জ্বালানি সংযোগ কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, এসব সহযোগিতা দুই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে এবং সেগুলো এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
ভারতীয় ভিসা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। ভিসা কার্যক্রম চালুর বিষয়ে যখন কোনো সিদ্ধান্ত হবে, তখন তা জানানো হবে।
এর আগে গত ২ মার্চ প্রণয় ভার্মা বলেছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে পারে। তবে সর্বশেষ বক্তব্যে তিনি এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।
