মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে তিনি মন্তব্য করেছেন, তিনি যদি খোঁচাখুঁচি শুরু করেন তাহলে বিএনপি এ দেশে থাকতে পারবে না।
শুক্রবার বিকেলে শিবচর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত একটি ইফতার মাহফিলে তিনি এ বক্তব্য দেন। পরে রাত থেকে তার বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
প্রায় চার মিনিটের ওই ভিডিওতে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, তিনি শিবচরের মানুষের সঙ্গে শান্তিপূর্ণভাবে কাজ করতে চান এবং তার নীরবতাকে দুর্বলতা মনে করা ঠিক হবে না। তিনি দাবি করেন, শিবচরে তিনি প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি চান না এবং সবাইকে নিয়ে কাজ করতে চান।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, কেউ কেউ বিএনপিকে খোঁচাখুঁচি না করার কথা বলছেন, কিন্তু তিনি যদি খোঁচাখুঁচি শুরু করেন তাহলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। একই সঙ্গে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে কেউ কেউ উপজেলা নিয়ে রাজনীতি করলেও তিনি জাতীয় রাজনীতি করেন।
তিনি আরও বলেন, তার জায়গায় অন্য কেউ থাকলে অনেককে এলাকায় থাকতে দেওয়া হতো না। তবে তিনি শিবচরের মানুষকে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছেন বলে দাবি করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শিবচর উপজেলাজুড়ে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা মনে করছেন, একজন সংসদ সদস্য হিসেবে এ ধরনের বক্তব্য দেওয়া উচিত হয়নি।
অন্যদিকে শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা গণমাধ্যমকে বলেন, এ ধরনের বক্তব্য স্থানীয় রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করতে পারে। তার মতে, শিবচরে শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ নষ্ট করার উদ্দেশ্য থেকেই এ মন্তব্য করা হয়েছে।
