মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।
শনিবার (১৪ মার্চ) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।
কারাগার সূত্রে জানা যায়, জামিনের সব কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক আনিস আলমগীরের জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে তা পরীক্ষা করা হয়। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে গত বুধবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশন–এর করা এক মামলায় আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন আদালত। এর মাধ্যমে তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই তিনি জামিন পান।
তার আইনজীবী তাসলিমা জাহান তখন জানিয়েছিলেন, দুটি মামলায় জামিন পাওয়ায় আনিস আলমগীরের কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশ–এর গোয়েন্দা বিভাগে নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাকে ডিবি উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখায়।
পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় গত ৫ মার্চ উচ্চ আদালত তাকে জামিন দেন।
