ত্রয়োদশ জাতীয় সংসদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত রাজাকারদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে—এমন অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছেন দেশের ৪১ জন বিশিষ্ট নাগরিক।
শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা এই প্রস্তাবকে মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা এবং শহিদদের আত্মত্যাগের প্রতি অসম্মান হিসেবে আখ্যা দেন।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক আবু ইউসুফ, কবি হেনরী স্বপন, কবি শাহেদ কায়েস, গবেষক ও সাংবাদিক এনায়েত কবীরসহ মোট ৪১ জন বিশিষ্ট নাগরিক।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ স্বাধীনতার পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার শপথ নিয়েছিল। কিন্তু বর্তমান সংসদে সেই ঐতিহ্যের প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
তাদের মতে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রাজাকার ও জামায়াতে ইসলামী নেতাদের জন্য শোক প্রস্তাব উত্থাপন মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রতি সম্মান প্রদর্শনের শামিল এবং এটি জাতীয় ইতিহাসকে বিকৃত বা মুছে ফেলার অপচেষ্টার অংশ।
বিবৃতিতে আরও বলা হয়, একজন রাজাকার বা আল-বদর কখনো রাষ্ট্রীয় সম্মান পাওয়ার যোগ্য নয়। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা দেবে।
স্বাক্ষরকারীরা জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে ওই শোক প্রস্তাবের অংশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি সংসদ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা–বোনের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত সংসদে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রতি সম্মান প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
