পাবনা জেলার রূপপুরে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি বছরের শেষ নাগাদ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে পরিকল্পনা কমিশনে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী ৭ এপ্রিল এই কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি সংযোজন কার্যক্রম শুরু হবে। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে আগামী জুন–জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে।
তিনি আরও জানান, পরীক্ষামূলক উৎপাদন শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত করা হবে। তবে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতা, অর্থাৎ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিতভাবে সরবরাহ করা সম্ভব হবে আগামী ডিসেম্বর নাগাদ।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, পরীক্ষামূলক চালুর সময় কোনো বিদ্যুৎ কেন্দ্র সরাসরি পূর্ণ সক্ষমতায় পরিচালনা করা হয় না। ফলে জুন–জুলাই মাসে উৎপাদন শুরু হওয়ার পর থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধাপে উৎপাদনের পরিমাণ বাড়ানো হবে।
ডিসেম্বরের মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর আগে এই সময়ের মধ্যে ধাপে ধাপে বিভিন্ন পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।
