লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নে ঈদ উপলক্ষে বিতরণ করা ভিজিএফ চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সংবলিত স্লোগান দেখা যাওয়ায় এলাকায় বিতর্ক সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের সময় বিষয়টি প্রকাশ্যে আসে।
সরকারের পক্ষ থেকে চর কালকিনি ইউনিয়নের চার হাজার অসহায় পরিবারের জন্য মাথাপিছু ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। বিতরণের সময় দেখা যায়, চালের বস্তাগুলোতে লেখা রয়েছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি ত্রাণের বস্তায় এমন স্লোগান দেখে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ সময় বিতরণ কার্যক্রমে থাকা সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে উপজেলা খাদ্য ভাণ্ডার পরিদর্শক নিশাদ জাহান বলেন, গুদাম থেকে চাল সরবরাহের সময় সাধারণত পুরনো নাম বা স্লোগান রং দিয়ে মুছে দেওয়ার নির্দেশনা থাকে। তবে কখনো কখনো দু-একটি বস্তায় আগের লেখা থেকে যেতে পারে।
তিনি বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং এর জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খাদ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিতর্ক এড়াতে বর্তমানে বিতরণ কেন্দ্রে থাকা বাকি বস্তাগুলোর লেখাগুলো মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
