মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল হয়। এছাড়া ১০ মার্চ রাত ১২টার পর আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের বেশ কয়েকটি ফ্লাইট রয়েছে।
তবে একই সময়ে মধ্যপ্রাচ্যের কিছু গন্তব্যে ফ্লাইট পরিচালনাও অব্যাহত রয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ওমানের মাস্কাট, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে মোট ২৮৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এই সময়ের মধ্যে ২৮ ফেব্রুয়ারি ৬টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ৩৯টি, ৮ মার্চ ৩১টি এবং ৯ মার্চ ৪০টি ফ্লাইট পরিচালনা করা হয়।
এছাড়া ১০ মার্চ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে আরও ৪৭টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটে ১০টি, সৌদি আরবে ২০টি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ গন্তব্যে ১৭টি ফ্লাইট রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন হতে পারে। যাত্রীদের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
