সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা। আগামী ১৫ মার্চ তাদের যুক্তরাষ্ট্র যাত্রার তারিখ নির্ধারণ করা হয়েছে।
২০১৯ সালে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের একটি প্রকল্প হাতে নেয় সরকার। সেই প্রকল্পের আওতায় ‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ট্রেনিং’ কর্মসূচির অংশ হিসেবে এই সফর আয়োজন করা হয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম কোম্পানি ডানহাম-বুশ এই সফরের ব্যয় বহন করবে।
প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া কর্মকর্তারা হলেন—গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী মো. ফিরোজ হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বারি।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথমে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের জন্য সফরের অনুমতি নেওয়া হয়েছিল। পরে তা পরিবর্তন করে ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ নির্ধারণ করা হয়। তবে দুইবারই সফর স্থগিত হয়। সর্বশেষ মন্ত্রণালয়ের নতুন অনুমোদনে ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ বলেন, প্রকল্প বাস্তবায়নের পর এইচভিএসি সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় দক্ষতা অর্জনের জন্য এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।
অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, আধুনিক হাসপাতালের মতো স্থাপনায় উন্নতমানের এয়ার কন্ডিশনিং ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিদেশে এ ধরনের প্রশিক্ষণ প্রকৌশলীদের জন্য উপকারী হবে।
তথ্য সূত্র : কালবেলা
