চট্টগ্রামে ২৮ জন সিনিয়র সাংবাদিকসহ ১০৯ জনের বিরুদ্ধে দায়ের করা অপহরণচেষ্টা ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগের সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে গত ২৪ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন জমা দিয়েছে সংস্থাটি।
মামলাটি করেছিলেন নগরের মোহরা সায়রা খাতুন কাদেরিয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হাসিনা মমতাজ। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর আদালতে দায়ের করা ওই মামলায় ২৮ সাংবাদিকসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো পরিদর্শক মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, তদন্ত চলাকালে বাদী অভিযোগের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। তাকে চারবার নোটিশ দেওয়া হলেও তিনি হাজির হয়ে বক্তব্য দেননি। পরে তার বাসায় যোগাযোগ করা হলে তথ্য দেবেন বলে জানান, কিন্তু এরপর আর যোগাযোগ করেননি।
তিনি আরও বলেন, মামলায় যেসব সাক্ষীর নাম ও ঠিকানা দেওয়া হয়েছিল, তাদের কাউকেও খুঁজে পাওয়া যায়নি। ফলে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০২৪ সালের ৪ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ওই সময় শিক্ষার্থীরা গলিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সাংবাদিকেরা তাদের মারধর করে আওয়ামী লীগের নেতাদের হাতে তুলে দেন এবং পরে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করেন।
এই মামলায় অভিযুক্তদের মধ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের শীর্ষস্থানীয় সাংবাদিকদের নাম উল্লেখ করা হয়েছিল।
এদিকে মামলার বাদী হাসিনা মমতাজ জানিয়েছেন, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
