বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার। ঈদুল ফিতরের নির্ধারিত ছুটির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এবং পবিত্র রমজান মাসকে সামনে রেখে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
নির্দেশনায় বিশ্ববিদ্যালয়গুলোকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করতে এবং জানালা-দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। একই সঙ্গে বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিস সময় শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখা এবং গাড়ির ব্যবহার সীমিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
