গণতন্ত্রের মানসকন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–কে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হবে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রবিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় খালেদা জিয়াকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
এছাড়া অদম্য নারী পুরস্কার কর্মসূচির আওতায় প্রতি বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হবে।
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নারী উন্নয়ন কর্মীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
